সংঘর্ষের ঘটনায় শাবি ছাত্রলীগের ৩৬ জনকে শোকজ

বিডি নিউজ ৬৪: দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ওই চারজনসহ শাখা ছাত্রলীগের মোট ৩৬ জনকে সংঘর্ষের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।
শাখা ছাত্রলীগের উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মন (ব্যবসায় প্রশাসন), সদস্য নজরুল ইসলাম রাকিব (গণিত), কর্মী আজমাইন (বাংলা), তাজবিরকে (নৃবিজ্ঞান) এক সেমিস্টারের জন্য কেন নিষিদ্ধ করা হবে না তা জানতে চেয়েছে।
একই ঘটনায় ছাত্রলীগের আরও ১২ নেতাকর্মীকে প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৫০০ টাকা জরিমানাসহ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
তারা হচ্ছেন- সোহাগ খান ফাইয়াজ, সাখাওয়াত হোসেন, সজীবুর রাহমান, মনোয়ার হোসেন, নিয়াজ, তৌকির তন্ময়, রাখশ মন্ডল, রনি তালুকদার, শাহ আলম, মাহবুব, শাওন ও কামরুল ইসলাম।
অন্যদিকে ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে ৩১ আগস্ট ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় ৫০০ টাকা জরিমানাসহ কেন শাহপরান হল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।  এরা হলেন- রুহুল আমিন, কামরুল ইসলাম, নূরে আলম, তৌকির আহমদ তালুকদার, মৃন্ময় দাশ ঝুটন, জাকারিয়া, রাব্বী, শিহাব, আবদুল হাদি, আমজাদ, জনি, মোশাররফ, জাকির, আরাফাত ইয়াসিন, বাসির মিয়া, মুনকির, ইয়ামিন, স্বাধীন, মোমিন ও আজমাইন।
উল্লেখ্য, ফুটবল খেলার কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাশের সমর্থক রনি-সাখাওয়াত অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যা পরে আরও কয়েকদিন চলতে থাকে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সব ছাত্রদের এবং শুক্রবার বেলা ১২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *