রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বিডি নিউজ ৬৪: রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে আরাফ রহমান শপ্ত (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। তার বাবার নাম আরিফুর রহমান। বর্তমানে তার পরিবার পূর্ব বাসাবোর পাটোয়ারি গলির একটি বাসায় ভাড়া থাকেন।
নিহতের বাবা আরিফুর রহমান জানান, আরাফ খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়াশুনা করত। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্কুল থেকে ফিরে সে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে যায়।
তিনি আরও জানান, বৃষ্টির কারণে ছাদ আগে থেকেই পিচ্ছিল ছিল। ঘুড়ি ওড়ানোর একপর্যায়ে আরাফ বাসার ৪ তলা ছাদ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *