বিডি নিউজ ৬৪: পাওনা টাকা আদায় করতে গিয়ে চোর সন্দেহে এলাকাবাসীর গণ ধোলাইয়ের শিকার হয়েছেন সাইফুল ইসলাম(৪৫) নামে পুলিশের স্পেশাল ব্যাঞ্চের এক কনস্টেবল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশ আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে হেলাল উদ্দিনকে(২৩) আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আদিতমারী গ্রামের জব্বর আলীর ছেলে সাইফুল ইসলাম পুলিশের স্পেশাল ব্যাঞ্চের কনস্টেবল পদে ঢাকায় কর্মরত রয়েছেন। যার কনস্টেবল নং ৭৭৫। স্থানীয় পরিচয়ের সূত্র ধরে হেলাল উদ্দিনকে ব্যবসা করার জন্য ৪ লাখ ৪০ হাজার টাকা হাওলাত দেন তিনি। সেই পাওনা টাকা দিতে গড়িমসি করায় তিনি ৪ দিনের ছুটিতে বাড়ি এসে টাকা উদ্ধারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ এলাকায় যান। মামার বাড়িতে আত্মগোপনে থাকা হেলালের সঙ্গে দেখা হলে টাকা চাওয়া মাত্রই চোর চোর বলে চিৎকার দিয়ে হেলাল পালিয়ে যান।
এলাকাবাসী পুলিশ সদস্য সাইফুল ইসলামকে গণধোলাই দেন। এর এক পর্যায়ে সাইফুল ইসলাম নিজেকে পুলিশ সদস্য দাবি করলে এলাকাবাসী ভুয়া পুলিশ ধারণা করে আরো গণধোলাই দেয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী পুলিশের উপরও ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এক পর্যায়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিলে আহত পুলিশ সদস্য সাইফুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হয়। তাকে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মূল হোতা হেলাল উদ্দিনকে আটক করেছে। আহত সাইফুল ইসলাম বাদি হয়ে আদিতমারী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল