প্রেমে প্রত্যাখ্যাত হয়েই রিশাকে ছুরিকাঘাত : স্বীকারোক্তি ওবায়দুলের

বিডি নিউজ ৬৪: প্রেমের প্রস্তাবে কোনো সাড়া না পাওয়ায় সুরাইয়া আক্তার রিশাকে একাই ছুরিকাঘাত করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন ওবায়দুল খান। ‌আজ বুধবার ভোরে নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তারের পর ডিএমপির রমনা থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওবায়দুলকে। জিজ্ঞাসাবাদে রিশাকে ছুরিকাঘাতের বিষয়টি ওবায়দুল স্বীকার করেছে বলে জানায় পুলিশ। রমনা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুল রিশাকে পছন্দ করতো। ওবায়দুলের দাবি, রিশাও তাকে পছন্দ করতো। তার বক্তব্য অনুযায়ী পছন্দ কিংবা প্রেমের বিষয়টি ছিল প্রাথমিক অবস্থায়। দীর্ঘদিন সে রিশার পেছনে ঘুরেছে। কিন্তু সম্পর্কের উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে সে আশানুরূপ সাড়া পায়নি। একপর্যায়ে ক্ষেপে গিয়ে রিশাকে ছুরিকাঘাত করেছে।

জিজ্ঞাসাবাদে ওবায়দুল জানিয়েছে, ছুরিকাঘাতের সময় সে একাই ছিল। অন্য কারো সহযোগিতা সে নেয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, ওবায়দুল সীমান্ত পার হয়ে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। বুধবার তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে সে ইন্ডিয়া চলে যেত। রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছিলেন রিশা হত্যা মামলায় আদালতে ওবায়দুলের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, বুধবার পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *