বাংলাদেশে আসবেন কি না নিজেই জানেন না হেলস!

বিডি নিউজ ৬৪: মঙ্গলবার ট্রেন্টব্রিজের ওয়ানডেতে চোখ ছিল? তাহলে নিশ্চয়ই দেখেছেন অ্যালেক্স হেলসের তাণ্ডব। পাকিস্তানের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৪৪৪ রানের বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ১৭১ রানের রেকর্ড গড়লেন হেলস। ম্যাচের সেরা খেলোয়াড় খেলার পর বাংলাদেশ সফরের প্রসঙ্গ আসতেই ম্রিয়মান। জানালেন, সফরে যাবেন কি না নিজেই জানেন না এখনো!

ইংল্যান্ডের নিরাপত্তা দল সফর করে গেছে বাংলাদেশে। তাদের রিপোর্ট জেনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে তারা বাংলাদেশে পরিকল্পিত সফরে আসছে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তারা। কিন্তু লিয়াম প্লাঙ্কেট কিংবা জস বাটলারের মতো কেউ কেউ এখনো সংশয় মুক্ত নন। তাদের দলে যোগ দিলেন হেলসও।

“বাংলাদেশে না যেতে চাইলে নিজের জায়গাটাকেই ঝুঁকিতে ফেলা হবে। বিশেষ করে আমার ক্ষেত্রে তাই।” পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করে হেলস বলেছেন, “কি করবো না করবো তা নিয়ে আমি এখনো অনিশ্চিত। এটা কঠিন এক সিদ্ধান্ত। আগামী সপ্তাহে বা তার পর এই সিদ্ধান্ত নেব।” আগামী সপ্তাহে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের দল ঘোষণা করার কথা। সফরে তারা ২টি টেস্ট ও ৩টি ওয়ানডের সিরিজ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *