ভূমধ্যসাগর থেকে আরো ৩ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

বিডি নিউজ ৬৪: ভূমধ্যসাগরের সিসিলি প্রণালী থেকে আরো প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষীরা। মঙ্গলবার ৩০টি আলাদা অভিযানে এদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ওই উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার পাওয়া এই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে গেল তিনদিনে ভূমধ্যসাগর থেকে উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়িয়েছে। এতে ইতালিমুখি শরণার্থীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ার বিষয়টি নজরে এসেছে। কয়েক ডজন নৌকায় চড়ে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এসব নৌকার মধ্যে কয়েকটি রাবারের ডিঙ্গিও ছিল। রাবারের ডিঙ্গিতে করে উত্তুঙ্গু সাগর পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ।

উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা কী তা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনুকূল আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে নৌকায় সাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আগমন বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। রবিবার ভূমধ্যসাগর থেকে ১,১০০ এবং সোমবার আরো ৬,৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এটি চলতি বছরে একদিনে শরণার্থী উদ্ধারের অন্যতম বড় ঘ্টনা।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের শুক্রবার প্রকাশ করা তথ্যানুযায়ী, চলতি বছর প্রায় এক লাখ পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশী নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এদের অধিকাংশই লিবিয়া থেকে যাত্রা করেছে। এই সময়ে ২,৭২৬ জন পুরুষ, নারী ও শিশু সাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে ডুবে মারা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *