বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা, মিরপুরে দাফন

বিডি নিউজ ৬৪: কবি শহীদ কাদরীর জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর সেখান থেকে মরদেহ কিছুক্ষণ বারিধারায় তার ভাইয়ের বাসায় রাখা হয়। পরে সকাল সোয়া ১১টার দিকে প্রয়াত কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্বসব সর্বস্তরের জনগণ কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল থেকে কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে, বাংলা একাডেমি শিল্পি গোষ্ঠী, ঋষিজ শিল্পগোষ্ঠী, খেলাঘর, উদীচী, দৈনিক সমকাল, সিপিবি, ছায়ানট, পথ নাটক পরিষদ, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, কবি সুফিয়া কামালের ছেলে সাজিদ কামাল, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একে এম শামীম চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ কর্মী সাংবাদিক সাহিত্যিক কবির ভক্ত-শুভাকাঙ্খীরা এসেছেন।

শ্রদ্ধা জানাতে এসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি শেখ হাসিনার যে অনুরাগ তারই প্রেক্ষাপটে কবি শহীদ কাদরীর শেষ ইচ্ছা ছিলো দেশের মাটিতে ফিরে আসা এবং বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হওয়া। এজন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে কবির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। তার মৃত্যুতে শোকাহত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়। প্রয়াত কবির পরিবারেরপক্ষ থেকে ছেলে আদনান কাদরীসহ অন্যান্য স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে মরদেহ শহীদ মিরারে আনা হলে প্রথমেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রয়াত কবির স্ত্রী নীরা কাদরী, ছেলে আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের সঙ্গে কবির মরদেহ গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। ২৯ আগস্ট (রোববার) নিউ ইয়র্কের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান কবি শহীদ কাদরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *