অলিম্পিক সাফল্যে ফিজিতে জমি পেলেন বিদেশি কোচ

বাড়ি তার ইংল্যান্ডে। কিন্তু ২০১৩ সাল থেকে ঘর বেধেছেন ফিজিতে। ২০১৬ রিও অলিম্পিকে তার কোচিংয়ে ফিজি রাগবি সেভেন দল পেয়েছে সোনায় বাধিয়ে রাখার মতো সাফল্য। এই ইভেন্টে সোনা জিতেছে ফিজি। যেটি তাদের ইতিহাসের প্রথম অলিম্পিক সোনাও। ১৯৭০ সালে স্বাধীন হয়েছে দেশটি। কোচ বেন রায়ান তাই ফিজির জাতীয় বীর। তাকে দেশটি ফিজিতে তিন একর জমি এবং একটি স্থানীয় নামে সম্মানিত করেছে।

৪৪ বছরের রায়ান ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ছিলেন স্বদেশ ইংল্যান্ডের কোচ। কিন্তু রিওতে তার দুর্দান্ত দল গ্রেট ব্রিটেনকেই ৪৩-৭ এ হারিয়ে জিতে নেয় সোনা। দ্বীপ রাষ্ট্রটিতে তাতে আনন্দের বন্যা নামে। ফিজির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারও দেওয়া হয়েছে এই ইংলিশকে।

রায়ানকে ‘রাতু পেনি রাইয়ানি লাতিয়ানারা” নাম দেওয়া হয়েছে সম্মান করে। শত শত ফিজিয়ানের সামনে তিন একর জমির কাগজও তুলে দেওয়া হয় তার হাতে। তবে এতকিছুর পরও রায়ান সম্ভবত আর ফিজির কোচ থাকছেন না। চলে যাবেন। নিজেই স্বীকার করেছেন, রিওর সাফল্যের পর অন্তত ২০টি নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে আছে জাপানের রাগবি সেভেন দলকে কোচিং করানোর লোভনীয় প্রস্তাবও। আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের কোচ হওয়ার প্রস্তাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *