বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল অবমূল্যায়নের ব্যাপক অভিযোগ থাকায় তথ্য সংগ্রহ ও অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সাব রেজিস্ট্রার ও কেরানি মতিউর রহমানের নির্দেশে অফিসের কয়েকজন মহরার, কপিস্ট এবং দলিল লেখক তাঁদেরকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কালের কণ্ঠ’র চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিব জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ডেইলি ইন্ডাস্ট্রি ও উত্তরা প্রতিদিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রিপন আলি রকি এবং স্থানীয় পত্রিকা চাঁপাই চিত্র ও আমাদের রাজশাহীর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম খোকনসহ তিনি সংবাদ সংগ্রহ করার সময় সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা পেছন থেকে ধাক্কা দেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে সংবাদকর্মীদের বেঁধে আটকে রাখার জন্য দলিল লেখক আশরাফুল ইসলাম সিলু সেখানকার কয়েকজনকে নির্দেশ দেন।
সাব রেজিস্ট্রার ও কেরানি মতিউর রহমানের সামনেই সাব রেজিস্ট্রারের অফিস কক্ষে মহরার আব্দুল খালেক, দলিল লেখক শরিফুল ইসলাম, কপিস্ট তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম সিলু ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে তাঁদেরকে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে আশরাফুল ইসলাম শিলু ও শরিফুল ইসলাম সংবাদকর্মীদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে কয়েকটি ছবি মুছে ফেলেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল