সময় টিভির টক শোর রেকর্ড দাখিলের নির্দেশ

বিডি নিউজ ৬৪: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে ৩০ আগস্ট সম্প্রচারিত টক শোর অডিও, ভিডিও ও শ্রুতি লিখন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ৪ সেপ্টেম্বরের মধ্যে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরে এসব জমা দিতে বলা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টায় চ্যানেলটির সম্পাদকীয় নামের এই টক শো অনুষ্ঠানের বিষয় ছিল যুদ্ধাপরাধের বিচার এবং কাঠগড়ায় প্রসিকিউশন। আজ বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনেন।

এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল, এই আদালত ও মীর কাসেম আলীর রায় নিয়ে টক শোতে যেসব আলোচনা হয়েছে, তা আদালত অবমাননাকর কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আদালত জানতে চান কোন টেলিভিশন। জবাব মাহবুবে আলম বলেন সময় টিভি। পরে আদালত ওই আদেশ দেন।

মাহবুবে আলম বলেন, বিষয়টি আদালতের গোচরে এনেছি। এরপর আদালত এই রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দেন। গতকালের ওই টক শোর অতিথি ছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাস গুপ্ত। সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *