কোটালীপাড়ায় মন্দিরে ককটেল বিস্ফোরণ

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবগ্রাম সার্বজনিন দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত না হলেও মন্দিরের বেশ কিছু ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ মন্দিরের বাইরে থেকে ককটেল ছুড়ে এ বিস্ফোরণ ঘটনায়।

খবর পেয়ে আজ বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসব আলামত পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

মন্দিরের পাশে বসবাসকারী দেবগ্রাম উমাচরন-পূর্ণচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানকারী শিক্ষক সহাদেব বিশ্বাস জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর। পরে মন্দিরের কাছে প্রচুর ধোঁয়া দেখতে পান তিনি। এতে মন্দিরের গেইট বাকা হয়ে গেছে। এ ছাড়া প্রতিমা ক্ষতিগ্রস্ত ও মন্দিরের চালার বিভিন্ন স্থান স্প্রিন্টারের আঘাতে ফুটো হয়ে যেতে দেখা যায়। কে বা কারা এবং কী কারণে মন্দিরে এ ককটেল হামলার ঘটনা ঘটানো হয়েছে- তা কেউ নিশ্চিত করতে পারেনি। তবে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক  বিরাজ করছে।

কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, এলাকায় বিবদমান দুটি পক্ষ রয়েছে যারা ওই এলাকার একটি স্কুলসহ নানা বিষয়ে নিয়ে দ্বিধা বিভক্ত রয়েছেন। তদন্তের সময় এসব বিষয় তারা মাথায় রাখা হয়েছে। তাছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্যও কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *