বিডি নিউজ ৬৪: তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, কমিউনিটি রেডিও প্রধানমন্ত্রীর নিজস্ব প্রোগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর নির্দিষ্ট ভিশন আছে। লক্ষ্য আছে কমিউনিটি বেতার তার মধ্যে অন্যতম। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের দেওভোগে কমিউনিটি রেডিও ‘রেডিও বিক্রমপুর’-এর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, টার্গেট গ্রুপ নির্ধারণ করতে হবে। বাংলাদেশ সরকার যে পরিমাণ সেবা বেষ্টনী তৈরি করেছে তা পৃথিবীর কোথাও নেই। শিশুদের সুরক্ষায় বর্তমান সরকার কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে।
এ ছাড়াও তথ্য সচিব কমিউনিটি রেডিও’র করনীয় বিষয়াদি নিয়ে নানা পরামর্শ ও দিক নির্দেশনা দেন। পরে তিনি রেডিও বিক্রমপুরের লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একে এম নেসার উদ্দিন ভূইয়া, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহাজাদী আনজুমান আরা, বাংলাদেশ বেতারের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, জেলা পরিষদের সচিব সারাবন তাহুরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ রেডিও বিক্রমপুরের কর্মকর্তাবৃন্দ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল