শোকের মাসে রায়ে স্বস্তি : মোজাম্মেল হক

বিডি নিউজ ৬৪: মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার জাতীয়প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ এ আলোচনা সভা আয়োজন করে।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আমরা শুনেছি মীর কাসেমের টাকার কাছে অনেকেই জিম্মি ছিলেন। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মহামান্য আদালতে যে চূড়ান্ত রায় দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। শোকের মাসের এই রায়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি আমরা। বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই জানিয়ে তিনি বলেন, খুব শীঘ্রই জামায়াতকে নিষিদ্ধ করে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর মহান জাতীয় সংসদের পাশে থাকতে পারে না মন্তব্য করে মন্ত্রী বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই কবরে জিয়ার কোনো লাশ ছিল না। সেদিন যখন তাকে (জিয়াকে) তথাকথিত দাফন করা হয়েছিল। কিন্তু সেই কফিনে পশু পাখি বা কলা গাছের অস্তিত্ব থাকতে পারে।

তিনি আরও বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে ওই কবরে জিয়ার কোন অস্তিত্ব ছিল তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাইবো। সভায় বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমু্খ। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *