‘দূতাবাসের শ্রম কর্মকর্তাদের গতি বাড়াতে হবে’

বিডি নিউজ ৬৪: নতুন শ্রমবাজার অনুসন্ধান ও সম্প্রসারণে বিদেশস্থ দূতাবাসগুলোর শ্রম উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রাজধানীর ইস্কাটনে মঙ্গলবার সকালে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের তিন দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী এ আহ্বান বলেন।

শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের উদ্দেশে নুরুল ইসলাম বিএসসি বলেন, আপনাদের কার্যক্রমের উপর ভিত্তি করেই পরবর্তীতে লেবার উইংগুলো ঢেলে সাজানো হবে। আপনারা কে কতটি ডিমান্ড (কর্মীর চাহিদা) নিশ্চিত করতে পারলেন, কতজনের কর্মসংস্থান করতে পারলেন তা দেখা হবে। কাজের গতি বাড়িয়ে প্রবাসীদের সেবা নিশ্চিতের আহ্বান জানান মন্ত্রী।

বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে শ্রম উইংয়ের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জানি বিদেশস্থ দূতাবাসের সঙ্গে আপনাদের স্নায়ু যুদ্ধ রয়েছে। এটা দূর করতে হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশীরা যাতে ব্যাংকিং সিস্টেমে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য বিদেশস্থ দূতাবাসের কর্মকর্তাদের প্রচারণা ও চেষ্টা চালানোর আহ্বান জানান নুরুল ইসলাম বিএসসি। বিদেশস্থ ২৪ টি দেশের ২৭টি শ্রম উইংয়ের ৪১ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মশালা আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম উদ্দিন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কল্যাণ ও মিশন) মো. আজহারুল হক বক্তব্য রাখেন। কর্মশালার উদ্বোধন শেষে অভিবাসন সংক্রান্ত স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র ডোর পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *