বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্ত্রীসহ জাল নোট সিন্ডিকেটের মূল হোতা জসিমকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার বাসা থেকে আড়াই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সোমবার রাতে বসুন্ধরা আবাসিকের ১ নম্বর রোডে বসুন্ধরা টাওয়ারের পঞ্চম তলার বি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন (৩২) ও তার স্ত্রী বিবি তাসলিমা আক্তার শিল্পীকে (২৬) গ্রেপ্তার করা হয়।
জসিম বোয়ালখালীর পশ্চিম গুমদণ্ডির মৃত সোনা মিয়ার ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা জসিম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২৬০টি ১০০০ টাকার জাল নোট অর্থাৎ ২ লাখ ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ৭টি মোবাইল সেটও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘ ৭/৮ বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট ব্যবসা করে আসছে। চট্টগ্রাম অঞ্চলের মূল হোতা জসিম চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জাল নোট ব্যবসা পরিচালনা করে। গ্রেপ্তার দুজনই খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় জালনোট সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল