বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে নকল পশুখাদ্য ও ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর শহরের নয়াটোলা আতিয়ার কলোনির গোলপাক্কা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ নকল কারখানার সন্ধান মেলে।
সৈয়দপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল আলমের খবরের ভিত্তিতে অভিযানকালে ওই কারখানায় পশুখাদ্য ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল, ওষুধের কার্টন, লেভেলসহ অন্যান্য তৈরি সামগ্রী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কাঁচামাল ধ্বংস করা হয়। এ সময় কারখানায় কর্মরত কর্মচারী আমজাদ হোসেন (২৭) ও আরমানকে (২১) আটক করা হয়। এ ছাড়া নমুনা হিসেবে কারখানায় তৈরি নকল পশুখাদ্য ও ওষুধ সংগ্রহ করে উপজেলা পশুসম্পদ বিভাগ।
রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী কারখানার মালিক সন্দীপ কুমার বিশ্বাসের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
সন্দীপ কুমারের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম সহদেব চন্দ্র বিশ্বাস। তিনি শহরের নয়াটোলা আতিয়ার কলোনির গোলপাক্কা চত্বর এলাকায় ওইসব নকল পশুখাদ্য ও ওষুধ তৈরির কারখানা গড়ে তোলেন এবং শহরের চাঁদনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত হয়ে নকল পশুখাদ্য ও ওষুধ কারাখানার মালিক সন্দীপ কুমার বিশ্বাস তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে আর জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল