ইংল্যান্ডের সিরিজ জয় নাকি পাকিস্তানের টিকে থাকা?

বিডি নিউজ ৬৪: প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জিতে নিবে ইংলিশরা। তবে ইংল্যান্ডের সিরিজ জয় ঠেকাতে চাইছে পাকিস্তান। কারণ সিরিজে টিকে থাকাই প্রধান লক্ষ্য পাকিস্তানেরও। তাই জয়ের লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। নটিংহ্যামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র”র পর দুর্দান্ত জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করে ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৪ রানের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে জয় পায় ইংলিশরা। ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মরগানের দল।

লর্ডসে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সরফরাজ আহমেদের ১০৫ রানের সুবাদে ২৫১ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে জো রুট ও অধিনায়ক ইয়োইন মরগানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। রুট ৮৯ ও মরগান ৬৮ রান করেন।

দ্বিতীয় ম্যাচের পর দলের প্রশংসা করেছিলেন ইংল্যান্ড দলপতি মরগান। দলনেতার বক্তব্যে উজ্জীবিত ইংল্যান্ড দলের খেলোয়াড়রা। তাই তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান দলের সেরা ব্যাটসম্যান রুট, ‘দলের পারফরমেন্সে খুশী মরগান। দলকে ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। তাই দলের জন্যই ওয়ানডে সিরিজ জিততে চাই আমরা। তৃতীয় ম্যাচেও দলের সবাই ভালো ক্রিকেট খেলবে এমনটাই প্রত্যাশা। তবে প্রতিপক্ষ সিরিজে টিকে থাকতে সেরা লড়াইটাই করবে, এত কোন সন্দেহ নেই। আমাদেরও সর্তক থাকতে হবে। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে আমাদের।”

তৃতীয় ওয়ানডে হেরে গেলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে পাকিস্তানের। তাই সিরিজে নিজেদের টিকিয়ে রাখতেই তৃতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি বলেন, ‘সিরিজে টিকে থাকতে হলে, তৃতীয় ম্যাচে আমাদের জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। প্রথম দুই ম্যাচে জয়ের জন্য যেভাবে খেলা প্রয়োজন সেভাবে খেলতে পারিনি আমরা। তবে তৃতীয় ম্যাচে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সবাইকে ভালো খেলতে হবে।”

ইংল্যান্ড স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, জশ বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জোর রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস ও মার্ক উড।

পাকিস্তান স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সামি আসলাম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শারজিল খান, শোয়েব মালিক, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *