বিডি নিউজ ৬৪: প্রথমবারের মত সংক্ষিপ্ত পরিসরের টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হল আমেরিকায়। খেলা সম্প্রচার এবং মাঠ ব্যবস্থাপনায় অনেক ত্রুটি থাকলেও ক্রিকেটের পরিসর বেড়েছে। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হেরে গেলেও আমেরিকায় আরও ম্যাচ খেলতে চান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি ক্রিকেট ম্যাচ হওয়া উচিৎ। আমেরিকায় ত্রিদেশীয় বা চারদেশীয় একদিনের সিরিজ আয়োজন করা হোক।
প্রথমবার আমেরিকায় ক্রিকেট খেলে বেশ খুশি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তিনি বলেছেন, ভারতীয় দল বছরের এই সময়ে বেশি ম্যাচ খেলে না। তাই তারা আমেরিকায় খেলতে আসতেই পারেন। এখানে প্রচুর অর্থ রোজগারের সুযোগ আছে, দর্শকরা মাঠে ভিড় জমাবেন, সম্প্রচারেরও সুবিধা হবে। ফলে আমেরিকায় আরও বেশি খেলা হলে সবারই লাভ।
প্রথম ম্যাচে ক্যারিবীয়দের নাটকীয় জয়ের পর দ্বিতীয় ম্যাচে খেলা ভারতের পক্ষেই ছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে বোলারদের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। বিশেষ করে লেগ স্পিনার অমিত মিশ্রর পারফরম্যান্সে খুশি ধোনি।
তার মতে, কিছুটা ঝুঁকি নিয়েই স্টুয়ার্ট বিনির বদলে মিশ্রকে দলে নেওয়া হয়েছিল। এর ফলে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে নেমেছিল ভারত। সেই পরিকল্পনা কাজে লেগেছে। মিশ্রর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও ভাল বল করেন। দুই স্পিনারের দাপটে ক্যারিবিয়ানদের কম রানে অলআউট করে দেয় ভারত। কিন্তু প্রকৃতির উপর তো আর কারও হাত নেই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল