মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় বছর বয়সী একটি শিশুকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত  দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষিত শিশুটির মা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের স্থানীয় চৌকিদার মহানন্দ বালা বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত রাতে ধর্ষক ও তার এক সহযোগী নারীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। এদিকে নিযাতিত শিশুটিকে হেফাজতে নিয়ে আজ রবিবার ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্তরা হলেন- কবুতরখালী গ্রামের সুলতান সরদারের বখাটে ছেলে নজরুল ইসলাম সরদার(৩৫) ও তার সহযোগি একই গ্রামের মোসলেম মিয়ার মেয়ে সোনালী বেগম(২৭)। তারা ঘটনার পর থেকে পলাতক।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কবুতর খালী গ্রামের এক প্রতিবন্ধী দম্পতির ছয় বছরের ওই শিশু কন্যাকে গত ১৭ আগস্ট দুপুরে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে তুলে নেয় একই গ্রামের বখাটে লম্পট নজরুল ইসলাম। ওই লম্পট শিশুটিকে গ্রামের সাইক্লোন শেল্টারের পাশের ঘেরে নিয়ে ধর্ষণ করে। এ সময় একই গ্রামের সোনালী বেগম নামে এক নারী এই ধর্ষণে সহযোগিতা করে। সে সময় স্থানীয় চৌকিদার পথ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে মামলার বাদী কবুতরখালী গ্রামের চৌকিদার মহানন্দ বালা জানান, এ ঘটনায় শিশুটির পরিবার স্থানীয়ভাবে কোন বিচার পায়নি। শিশুটির বাবা ও মা প্রতিবন্ধী হওয়ায় মামলাও করতে পারছিল না। তাই আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *