বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৭), মেয়ে সাবিনা বেগম (৫) ও ভাগনে আমান উল্লাহ (৫)। আজ রবিবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের একটি ডোবার কাছে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে তারা ওই ডোবার পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ডোবা থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম বলেন, পানিতে ডুবেই তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর লাশ বিকেলে পরিবারের জিম্মায় দাফন করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন শিশুর পরিবারকে ৪৫ হাজার টাকা দেওয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল