বিডি নিউজ ৬৪: ফেনীতে সভাপতি-সম্পাদক পদে পাল্টাপাল্টি নাম প্রস্তাব আর বক্তাদের হট্টগোলের ফলে পন্ড হয়ে গেছে বিএনপির সভা। ফুলগাজী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা না করেই চলে গেছেন নেতারা।
দলীয় সূত্র জানায়, শনিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে শহরের এস এস কে রোডের একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকরা। সভায় বেশ কয়েকজন বক্তা জাসাস নেতা ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপকে সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার দাবি জানান।
অন্য বক্তারা ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে সভাপতি করে কমিটি গঠনের প্রস্তাব দেন। এসময় হট্টগোল শুরু হলে নেতারা দ্রুত সভাস্থল ত্যাগ করেন। ফলে কোনরুপ সিদ্ধান্ত গ্রহন করা যায়নি। সভার প্রধান অতিথি শামীম বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরে কমিটি গঠন করে গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল