ট্রাম্পের বিরুদ্ধে নেমেছে তার দলেরই একাংশ

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরাতে তার রিপাবলিকান পার্টিরই একটি অংশ প্রচারে নেমেছে। ‘ট্রাম্প, আপনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন, নির্বাচন থেকে সরে দাঁড়ান’- এমন প্রচার চালিয়ে টিভিতে বিজ্ঞাপন দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খবরাখবরের প্রভাবশালী মিডিয়া পলিটিকো ডটকম জানিয়েছে, রিপাবলিকান দলের ‘ফ্রি দ্য ডেলিকেট’ আন্দোলনকারীরা নতুন প্রচার নিয়ে মাঠে নামছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এমন টিভি বিজ্ঞাপন দেওয়া হবে। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ‘ফ্রি দ্য ডেলিকেট’ ব্যানারে ওই পার্টিরই একটি অংশ ট্রাম্পবিরোধী অবস্থান নিয়েছিল। জাতীয় সম্মেলনে ট্রাম্পকে ঠেকানোর চেষ্টা ব্যর্থ হলেও তাদের প্রয়াস থামেনি। রিপাবলিকান পার্টির নেত্রী রেজিনা থমসন জানান, তাঁরা আশা করছেন, টিভিতে ট্রাম্পবিরোধী প্রচারণা চালানোর জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারবেন।

নির্বাচনী প্রচারের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে জনমত জরিপে পিছিয়ে থাকলে সরে দাঁড়াবেন। জাতীয় জনমত জরিপে ট্রাম্প এখনও পিছিয়ে। ক্ষুব্ধ রিপাবলিকান প্রচারণায় বলা হচ্ছে, ‘ট্রাম, আপনি সরে দাঁড়ালে দল আপনার বিকল্প প্রার্থী পাবে। এর ফলে হিলারিকে নির্বাচনে হারানো যাবে।’

এমন প্রতিকূল পরিস্থিতিতে ট্রাম্প নানা পক্ষকে সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন। অভিবাসী হিস্পানিকদের নিয়ে আগের উসকানিমূলক কথা থেকে কিছুটা সরে আসতে চেষ্টা করছেন। ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক বলে পরিচিত কৃষ্ণাঙ্গদের নিজের পক্ষে আনার ব্যর্থ চেষ্টাও করছেন।

গতকাল শনিবার আইওয়া অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প আবারও কৃষ্ণাঙ্গদের সমর্থন দিতে আহ্বান জানান। একই সভায় তিনি অভিবাসীদের নিয়ে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমের সমালোচনা করেন।

নির্বাচনী প্রচারণার শুরুতে ট্রাম্প বলেছিলেন, প্রায় দেড় কোটি অবৈধ অভিবাসীকে তিনি যুক্তরাষ্ট্র থেকে অবিলম্বে বহিষ্কার করবেন। এখন বলছেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার প্রথম মেয়াদে শুধু অপরাধী অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে।

রক্ষণশীলদের রাজ্য হিসেবে পরিচিত আইওয়াতে ডোনাল্ড ট্রাম্প এখনো ভোটারদের সুনজরে রয়েছেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই রাজ্যে হিলারি ক্লিনটনের চেয়ে মাত্র ৩ শতাংশ পিছিয়ে আছেন ট্রাম্প। আইওয়া রাজ্যের রিপাবলিকানদের ধারণা, শেষ পর্যন্ত তাঁদের রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী দেখানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *