সপ্তাহান্তের ছুটিতে যা করতে মানা

বিডি নিউজ ৬৪: ছুটির দিনে কি আপনি স্বাস্থ্য-ধ্বংসকারী এবং সুস্থতার জন্য ক্ষতিকারক ভুলগুলো করেন? আপনি কি জানেন সপ্তাহান্তের ৪৮ ঘণ্টার ছুটি আপনি কীভাবে কাটান তার ওপরই আপনার পুরো সপ্তাহজুড়ে ভালো বা খারাপ থাকার বিষয়টি নির্ভর করে।

সপ্তাহান্তের ছুটি সঠিকভাবে ব্যয় করলে আগের সপ্তাহের ক্লান্তি থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। আর পরের সপ্তাহের জন্য পুনরায় সতেজ ও ফুরফুরে হয়ে উঠবেন। সুতরাং সপ্তাহান্তের ছুটিতে এই ভুলগুলো কখনোই করবেন না। আর নয়ত আপনাকে ধারণার চেয়েও বেশি ভোগান্তি পোহাতে হবে :

অতিরিক্ত খাবার খাওয়া
সপ্তাহান্তের ছুটিতে সাধারণত সিনেমা দেখা, পরিবারের সঙ্গে বাইরে ডিনার করতে যাওয়া এবং সামাজিক মেলা-মেশার প্রচুর কর্মসূচি থাকে। এসব উপলক্ষে আয়োজিত পার্টিতে সাধারণত প্রচুর পরিমাণ ফাস্ট ফুড, চর্বিযুক্ত খাবার ও পানীয়ের আয়োজন থাকে। এসব খাবারের মাধ্যমে আপনি স্বাভাবিকভাবেই নিজের স্বাস্থ্য ও ফিগার ধ্বংস করছেন।

কী করতে হবে : গবেষণায় দেখা গেছে, সম্পূর্ণ পরিতৃপ্ত হওয়ার জন্য আপনার যা দরকার তা হলো চিনি বা লবণের একটু ছোঁয়া। সুতরাং ক্যালরি কমানোর একটি ভালো উপায় হলো ডিনারের পর ফলাহার পর্বটি বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া।

অতিরিক্ত ঘুমানো
কাজের দিনগুলোতে কঠোর পরিশ্রম এবং মাঝে-মধ্যে শেষ রাত পর্যন্ত পার্টি করার ফলে হয়ত আপনি কিছুটা ঘুম থেকে বঞ্চিত হয়েছেন। এতে আপনি ভাবতে পারেন সপ্তাহান্তের ছুটিতে টানা ঘুমিয়ে তা পুষিয়ে নেবেন। কিন্তু আপনার এই ধারণা ভুল। ঘুম বিশেষজ্ঞদের মতে, এতে ঘুমের ঘাটতি পূরণ না হয়ে বরং আপনার স্বাস্থ্যের আরো ক্ষতি হবে।

কী করতে হবে : ছুটির দিনেও কাজের দিনগুলোর মতোই ঘুমান। বড়জোর দুই এক ঘণ্টার হেরফের হতে পারে।

গৃহস্থালি কাজ বেশি করা
কাজ থেকে ঘরে ফিরে আপনি হয়ত এতটাই ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়লেন যে, থালা-বাসন ও হাঁড়ি-পাতিলগুলো বেসিনে রেখেই বা কাপড়গুলো লন্ড্রি বাস্কেটে রেখেই ঘুমিয়ে পড়লেন। প্রতিদিন এভাবে যেসব কাজ জমা হয় সেগুলো সপ্তাহান্তের ছুটির দিনের জন্য জমিয়ে রাখলে কাজের পাহাড় জমে যাবে। এর সঙ্গে আবার ব্যাংক ডকুমেন্টেশন, পেপার ওয়ার্ক, বিছানার চাদর পাল্টানো প্রভৃতি কাজ যুক্ত হয়ে আপনার দফারফা হওয়ার মতো দশা তৈরি হতে পারে!

কী করতে হবে : গৃহস্থালি কাজগুলো ছুটির দিনের জন্য ফেলে না রেখে পুরো সপ্তাহজুড়ে ভাগাভাগি করে করুন। সপ্তাহের আলাদা আলাদা নির্দিষ্ট দিনে কাপড়, থালা-বাসন, হাঁড়ি-পাতিল এবং ঘর পরিষ্কারের কাজ করুন।

নিজের সীমা নির্ধারণ করুন
আপনার সপ্তাহান্তের ছুটিগুলো কি প্রায়ই পুনরাবৃত্তিমূলক কাজ করে কেটে যায়? নতুন নতুন তৎপরতার অনুপস্থিতি নির্দেশ করে আপনি একটি বিশেষ ছঁকে আটকে গেছেন।

কী করতে হবে : শহরের বাইরের দিকে ঘুরে আসুন। গাড়ি নিয়েও বের হতে পারেন। আপনার কি নিজের গাড়ি নেই? তাহলে পল্লী এলাকায় পায়ে হাঁটা ভ্রমণে যান। এতে আপনি প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন। আর আপনি যদি শুধু শহরে আটকে থাকার মতো লোক হন তাহলে শহরের পাশেরই কোনো নতুন রেস্টুরেন্টে খেতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *