ঈদে পৃথকভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করলেন মন্ত্রী

বিডি নিউজ ৬৪: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে পোশাক মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ অনুরোধের কথা জানান।

মন্ত্রী বলেন, ”প্রতি ঈদের আগে পোশাক কারখানাগুলো এক সঙ্গে ছুটি ঘোষণা করে। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।” তিনি আরও বলেন, ”আমরা বারবার গার্মেন্ট মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজিএমইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না, গার্মেন্ট মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন।”

মন্ত্রী ঈদের আগে সাভার ও আশুলিয়াকে একদিন এবং গাজীপুরে একদিন পৃথকভাবে ছুটি দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ”ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা ও বাইমাইল এলাকায় গাজীপুর সিটি করপোরেশন ময়লা ফেলে যানজটের সৃষ্টি করছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছে না। আজকের পর থেকে এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি করপোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য মন্ত্রী হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।”

তিনি বলেন, ”এবার কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া পশু পরিবহনে কোনো আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেওয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেওয়া হবে।”

ওবায়দুল কাদের বলেন, ”রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এ ছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। এবার মন্ত্রণালয় থেকে আগেভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।”

তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে। তা ছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায়  এসব যানজট হয়। তাই ফিটনেসবিহীন পশুবাহী গাড়িগুলো যেন মহাসড়কে উঠতে না পারে সে জন্য কঠোর নিদের্শনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *