নওগাঁয় দশম শ্রেণির ছাত্রকে গলাকেটে হত্যা

বিডি নিউজ ৬৪: নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা গ্রামে আহসান হাবিব (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ছাত্র ওই এলাকার চকাবির গ্রামে তার নানা বাবলু রহমানের বাড়ি থেকে স্থানীয় বালুভরা উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করে আসছিল।
বদলগাছী থানার ওসি জালাল হোসেন জানান, ওই উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আহসান হাবিব তার নানা বাড়ি থেকে লেখা পড়া করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে তার গলাকাটা লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
রাতে তার লাশ কুকুর-শিয়াল টানা-হেচড়া করার কারনে শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হলেও তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ওসি জানান, কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও প্রেম ঘটিত কোন বিষয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *