কৃষকদের ইন্টারনেটসহ ট্যাব দেবে সরকার

বিডি নিউজ ৬৪: প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বিভিন্ন সেবা দিতে কৃষকদের ট্যাব দেবে সরকার। একই সঙ্গে কৃষকদের তথ্য সম্বলিত পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে।
এজন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। ‘ই-কৃষির মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবা জোরদারকরণ ও ডিজিটাল ডকুমেন্টেশন’ প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরও ট্যাব সরবরাহ করা হবে।
কৃষি ব্যবস্থাপনাকে তথ্য-প্রযুক্তির আওতায় আনতে সাড়ে ৫০০ কোটি টাকার এ প্রকল্পটি শীঘ্রই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান মো. মনজুরুল আনোয়ার।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২০ হাজার কৃষক লিডার বা রিসোর্স কৃষকদের ট্যাব দেওয়া হবে। আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা), আইসিএম (সমন্বিত শস্য ব্যবস্থাপনা) ক্লাবের কৃষকরা এটা পাবেন। তাদের অ্যাপস ব্যবহারে প্রশিক্ষণও আমরা দেব।’
মনজুরুল আনোয়ার বলেন, ‘কৃষকরা ট্যাবের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা ধরনের সেবা ঘরে বসে পাবেন। কৃষি অফিস বা অন্য কোথাও কৃষকদের যেতে হবে না। ট্যাবের মাধ্যমে কোন ফসল উৎপাদন করতে হবে, উৎপাদন সংক্রান্ত পরিকল্পনা ও বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য পাবে। ফসলের রোগ-বালাই ও এর প্রতিকারের বিষয়ে তথ্য পাবে। আবহাওয়া সংক্রান্ত তথ্যও কৃষক তাৎক্ষণিক পেয়ে যাবেন।’
ট্যাবে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে ও এ বিষয়ে অ্যাপস তৈরি করা হচ্ছে জানিয়ে যুগ্ম-প্রধান বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা থেকে জানা গেছে, এই প্রকল্পের আওতায় কৃষকদের ডাটাবেজও তৈরি করা হবে। প্রত্যেক কৃষককে একটি কার্ড দেওয়া হবে। এ কার্ডে কৃষকের সব তথ্য থাকবে। ব্যাংকে গেলে এ কার্ড দিয়ে সে ঋণ নেবে, আর ভেরিফিকেশনের দরকার হবে না। এ ছাড়া উন্নয়ন সহযোগীরা জানতে পারবেন কৃষকের কী অবস্থা। কোন কৃষককে কী উন্নয়ন করা দরকার।
আপাতত এক কোটি ৫৫ লাখ কৃষকের ডাটাবেজ তৈরি করা হবে। তবে সরকারের লক্ষ্য আড়াই কোটি কৃষকের ডাটাবেজ করা।
কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ট্যাবের দাম ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যাবের সঙ্গে ইন্টারনেট দেওয়া না হলে উদ্দেশ্য সফল নাও হতে পারে। এজন্য কৃষকদের ইন্টারনেটের খরচও বহন করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *