আলিশাকে নিয়মিত হেনস্থা করছেন স্বামী

বিডি নিউজ ৬৪: মাস দু’য়েক আগে নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের মডেল-অভিনেত্রী আলিশা খান। এবার তার স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তিনি।

নিজের স্বামী প্রযোজক লাভ কাপুরের বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় হেনস্তার অভিযোগ দায়ের করেছেন আলিশা। তিনি জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তাকে এক রেস্তোরাঁয় হেনস্তা করেন তার স্বামী। এরপর সেখানেই তাকে ফেলে চলে আসেন লাভ।

গাজিয়াবাদ শহর যিনি পত্তন করেন, সেই ওয়াজির গাজিউদ্দিনের বংশধর আলিশা বর্তমানে নিজের পরিবারের থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন। গত জুনে সাবেক প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর ‘অপরাধে’ তার মা আর ভাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন আলিশা। এরপর বেশ কিছু দিন কখনও দিল্লির পথে পথে ঘুরছেন, কখনও বা রাত কাটাতে কোনও মন্দিরের বারান্দায় আশ্রয় নিয়েছেন তিনি।

এরপরই নিজের দীর্ঘদিনের বন্ধু প্রযোজক লাভ কাপুরকে বিয়ে করেন আলিশা। বিয়ে করার জন্যে ধর্মান্তরিতও হয়েছেন তিনি। গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিকে একটি ফ্ল্যাটে থাকেন আলিশা ও লাভ। বিয়ের পরেই শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে লাভ বিবাহ বিচ্ছেদের দাবি তুললেও আলিশা তাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চান বলেই দাবি করেছেন। তাই লাভের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেও বিষয়টিকে আদালত পর্যন্ত নিয়ে যেতে চাইছেন না নায়িকা।

বলিউডের নবাগত আলিশার পরবর্তী ছবি ‘আয়না’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মাই হাজব্যান্ড’স ওয়াইফ’ ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন আলিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *