বিডি নিউজ ৬৪: নেত্রকোণার মদনে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের ছোঁড়া এসিডে একই পরিবারের দুই নারী মারাত্মকভাব দগ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের জানু মিয়ার বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে। এসিড দগ্ধরা হলেন ওই গ্রামের জানু মিয়ার স্ত্রী নিয়াশা আক্তার(৩৮) ও তার বড় ভাই মৃত মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
জানা গেছ, উপজেলার কাইটাইল গ্রামের জানু মিয়ার ছেলে হৃদয় মিয়ার(২০) সাথে গত প্রায় এক বছর ধরে একই গ্রামের আনছু মিয়ার মেয়ে সুইটি আক্তারের(১৪) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের বিষয়টি গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে গত প্রায় তিন মাস আগে দুই পরিবারের লোকজনই তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি। এর কিছুদিন পর প্রেমিক হৃদয় মিয়ার সাথে একই গ্রামের আলী আকবরের কন্যা সোনিয়া আক্তারের বিয়ের কথা হয়।
এ খবর শুনে তার প্রেমিকা সুইটি আক্তার ছেলের বাড়ীতে অবস্থান নেয়। পরে গ্রামের লোকজন পুলিশের সহাতায় তাকে সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এরই জের ধরে তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। প্রেমিক হৃদয় মিয়া তার প্রেমিকা সুইটি আক্তারকে বিয়ে না করে একই গ্রামের আলী আকবরের মেয়ে সোনিয়া আক্তারকে বিয়ে করলে তার প্রেমিকা সুইটি আক্তারের পিতা আনছু মিয়া বাদী হয়ে হৃদয় মিয়া ও তার পরিবারের লোকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা আদালতে একটি মামলা দায়ের করেন।
গত বুধবার রাত ১০টার দিকে প্রেমিক হৃদয়ের মা নিয়াশা আক্তারের শয়ন কক্ষে কতিপয় লোকজন জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে নিয়াশা আক্তার ও মনোয়ারা বেগম মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এসিড দগ্ধ নিয়াশা আক্তার এ সময় বিদ্যুতের আলোতে প্রতিপক্ষের নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, আনছু মিয়া, সেকুল মিয়া, ছনু মিয়া ও তাছলিমাকে চিনতে পেরেছেন বলে তিনি তার পরিবারের লোকজনকে জানান। এ ব্যাপারে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
মদন থানার ওসি মো.মাজেদুর রহমান কালের কণ্ঠকে বলেন,এ খবরটি শুনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আজ বৃহস্পতিবার সকালে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।তবে এ ব্যাপারে এসিড দগ্ধদের পক্ষ থেকে এখোনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল