বিডি নিউজ ৬৪: কুমিল্লায় বৃহস্পতিবার ভোরে অস্ত্রসহ আক্তার হোসেন (৩৮) ও মুসা (২৫) নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড তাজা গুলি, দুইটি ছুরি, দুইটি মোবাইল ফোন সেট এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
আটক আক্তার হোসেন জেলার সদর উপজেলার সংরাইশ মধ্যপাড়া এলাকার মোহন মিয়ার ছেলে এবং মুসা একই এলাকার মো. এরশাদ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে অবৈধ অস্ত্র মজুদের খবর জানতে পেরে র্যাব ১১’র একটি দল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী আক্তার ও মুসাকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড তাজা গুলি, দুইটি ছুরি, দুইটি মোবাইল ফোন সেট এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, আটক আসামিরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা এলাকার অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল