গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পূর্ব বিরোধের শিকার বলে পুলিশের ধারণা।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন অর রশিদ জানান,
বুধবার গভীর রাতে কাশিমপুরের ছোট গোবিন্দপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. শাহিন (২৮) এলাকার গেদুরাজ মিয়ার ছেলে। স্থানীয় একটি মার্কেটে তার রড-সিমেন্টের দোকান রয়েছে।
এসআই হারুন বলেন, রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে মাদার টেক্সটাইল কারখানার পাশে একদল দুর্বৃত্ত শাহিনকে ধাওয়া দিলে তিনি মার্কেটের ভেতরের এক কক্ষে আশ্রয় নেন।
“এ সময় দুর্বৃত্তরা পিছু নিয়ে ওই কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা হারুন বলেন, ঘটনাস্থলের অদূরে একটি রাস্তা নিয়ে স্থানীয় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে ১০-১৫ দিন আগে শাহিনদের বিবাদ হয়। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *