বিডি নিউজ ৬৪: আজ বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। হিন্দু ধর্ম মতে, সত্যের উজ্জ্বল আলো অন্ধকারে ঢেকে রাখতে চায় দুষ্ট ও দুর্বৃত্তরা। অহংকারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে অসুর হয়ে ওঠে তারা। অসুর ও অযোগ্যরা সৎ ও যোগ্যদের দাবিয়ে রাখতে চায়। এই দুষ্টদের দমন করে সৎ মানুষদের রক্ষার জন্য অবতার হয়ে বারবার পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে অবতার হয়ে মানুষকে নতুন করে চলার পথ দেখাতেই এই দিনে পৃথিবীতে তাঁর আগমন ঘটে।
ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটিকে শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে মুরাদনগরসদরসহ বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। এমপি ও উপজেলা চেয়ারম্যান সনাতন ধর্মাবলম্বীদের এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রীকৃষ্ণ তাঁর ভক্তের কাছে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর, অবতারসহ বিভিন্ন নামে অভিহিত হয়ে থাকেন। আজ ভক্তরা উপবাস থেকে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমী মিছিল, কৃষ্ণপূজা, পদাবলি কীর্তন করে তাঁর সন্তুষ্টি লাভ করতে চেয়েছেন। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে, মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো একসময় এ উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দ্বাপর যুগে। পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষার জন্য তাঁর আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে।
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উত্যাপন কমিটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পূজা উত্যাপন কমিটির সভাপতি পার্থ সারথী দত্ত। জন্মাষ্টমী উপলক্ষে মুরাদনগর পূজা উদ্যাপন পরিষদ নেতারা এক বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল