বিডি নিউজ ৬৪: পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কলেজ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শহীদ রেজাউল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা আব্দুল জব্বার, তারিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মিঠুন, কামাল হোসেন, শোভন, শহর ছাত্রলীগ সম্পাদক মিথেন আহমেদ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও।
কলেজ ছাত্রলীগের সভাপতি কুদুরত ই খুদা রুবেল বলেন, “মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র হয় পৌর কলেজে। সরকারি কলেজে লেখাপড়া করে বেসরকারি কোনো কলেজে পরীক্ষা দিতে চাই না।” যদি নিজ কলেজে কেন্দ্র দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে জেলায় আরো সরকারি কলেজ রয়েছে, সেগুলোতে দেওয়ার দাবি জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল