বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের মাধবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাবি, ভাতিজিসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছেন তাহের উদ্দিন নামে এক যুবক। মঙ্গলবার রাত সোয়া ৯ টায় ওই উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক তাহের মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও তার মেয়ে শারমিন বেগমকে (২৭) গলাকেটে হত্যা করে।
এ সময় তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারা সেখানে মারা যান। হামলায় আহত হয়েছেন জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী। সহকারি পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল