বিডি নিউজ ৬৪: টি-টোয়েন্টির সুবাদে ক্রিকেটের হয়তো জনপ্রিয়তা বাড়ছে। অনেক ক্রিকেটারের উন্নত জীবন যাপনের সুযোগও হচ্ছে। আসছে অনেক টাকা। কিন্তু এভাবে আসা সহজ টাকাই ধ্বংস করছে ক্রিকেটারদের। বিশেষ করে ফাস্ট বোলারদের। এমনটাই বিশ্বাস অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার।
ম্যাকগ্রা এখন ভারতে। সেদেশের অনূর্ধ্ব-২৩ পেসারদের নিয়ে কাজ করছেন। এবং কাজের ফাঁকে মিডিয়ার সাথে আলোচনায় টি-টোয়েন্টি থেকে বেশি আয়ের ক্ষতিকর দিকটা তুলে ধরেছেন ম্যাকগ্রা, “শুধু ভারতে না, বিশ্ব জুড়ে এই অবস্থা। তারা আইপিএল বা বিগ ব্যাশে সাফল্য পেয়ে একটা পর্যায়ে গেলে ভাবছে সব হয়ে গেছে। তারপর খাটাখাটি বন্ধ করে দেয়। অনুশীলন কমে।”
ম্যাকগ্রা নিজে ছিলেন খুব পরিশ্রমী বোলার। এই কারণেই অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ড তার। ১২৪ টেস্টে নিয়েছেন ৫৬৩ উইকেট। ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকার তার। ২৫০ ওয়ানডেতে ৩৮১ উইকেট নিয়ে ইতিহাসের সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী।
ফাস্ট বোলারদের জন্য পরিশ্রমের বিকল্প নেই। সেই কথা মনে করিয়ে দিয়ে ৪৬ বছরের ম্যাকগ্রা বলেছেন, “তরুণ বোলারদের কঠোর পরিশ্রমের জন্য তৈরি থাকতে হয়। জায়গা ধরে রাখতে আরো খাটতে হয়। কোনো শর্ট কাট নেই। আমি দেখছি এক পর্যায়ে গেলে তরুণ ক্রিকেটাররা হঠাৎ ভালো টাকা পাচ্ছে এবং পরিশ্রম থামাচ্ছে। আমার চোখে টাকা দ্বিতীয় গুরুত্বের ব্যাপার হওয়া উচিৎ। এটা ভালো কথা যে ক্রিকেটাররা বেশ টাকা পাচ্ছে। কিন্তু সেরা পারফর্ম করে নিজেদের আরো ভালোর জন্য তৈরি রাখলে টাকা তো এমনিতেই আসবে। এই মানসিকতাই তরুণ ক্রিকেটারদের থাকা দরকার। মূল লক্ষ্য হওয়া উচিৎ দেশের প্রতিনিধিত্ব করা।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল