রাগীব আলী মেডিকেল কলেজের ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ

বিডি নিউজ ৬৪: সিলেটের তারাপুর চা স্টেটে অবস্থিত রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে গত এক বছরের ব্যাংক হিসাব দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩১ আগস্টের মধ্যে হাসপাতালটির ব্যাংক হিসাব সংক্রান্ত নথি দাখিল করতে হবে। আজ বুধবার রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরের আবেদন শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। একই সঙ্গে এই চা বাগানের মধ্যে যেসব স্থাপনা রয়েছে তাও ভেঙে ফেলতে বলে আদালত। আপিল বিভাগের এই রায়ের পর গত জুন মাসে রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ সরিয়ে নেয়ার জন্য এক বছরের সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।

আজ আবেতনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ের প্রধান বিচারপতি বলেন, এই আদেশে অনেক অনিয়ম হচ্ছে। আমরা চাচ্ছি এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ ধরনের একটি প্রতিষ্ঠানের (রাগীব আলী মেডিকেল কলেজ) বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া যায় গকে এটি অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। পরে আপিল বিভাগ উপরিউক্ত আদেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *