গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মিরের বাজার এলাকায় পুলিশ-শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এসময় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল হারবাইদ উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পূবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশের গাড়ি ও মোটরসাইলসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূবাইলের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে এক অভিভাবকের হাতে মারধরের ঘটনার বিচার দাবি করে, ওই স্কুলের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে এসে পৌঁছে সড়ক অবরোধ করে। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ লেগে যায়।

এ ঘটনায় জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন এবং স্কুলের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা প‍ূবাইল পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ড ভ্যান ভাংচুর করে। পরে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নিয়ে স্কুলের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *