ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ অক্টোবর

বিডি নিউজ ৬৪: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় করা পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নূর নবী মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এ দিন মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাসসহ ২০ জন আদালতে উপস্থিত হলেও ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১০ অক্টোবর দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *