বিডি নিউজ ৬৪: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে ডাকাতের ছোড়া গুলিতে মো. শহিদুল খান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কুচখালী (চিকিরপটল) চরে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল খান ওই গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনা জানতে পেরেছেন। লাশ উদ্ধারে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, একদল ডাকাত অস্ত্রসহ নৌকা যোগে চিকিরপটল চরে আসে। এরপর তারা শহিদুল খানের বাড়ির গোয়াল ঘর থেকে ৯টি গরু বের করে নৌকায় তোলার চেষ্টা করে। এ সময় শহিদুল এগিয়ে গিয়ে বাঁধা দিতে ধরলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুটি গুলি শহিদুলের মাথায় লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ডাকাতদল গরু না নিয়ে নৌকা যোগে পালিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল