পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ ৩ জন সাময়িক বরখাস্ত

বিডি নিউজ ৬৪: নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলী ও অপর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গত রবিবার দুই ব্যক্তির মৃত্যু ও ১০ জন আহতের ঘটনায় সোমবার ওই বরখাস্তের আদেশ দেয়া হয় বলে জানা গেছে।

সূত্রমতে, গত রবিবারের ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি তদন্তের জন্য সমিতির উপ-মহাব্যাবস্থাপক মকছেমুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় অপর এক সিদ্ধান্তে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলীকে বরখাস্ত করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যাবস্থাপক মকছেমুল হাকিম সোমবার রাত ৮টার দিকে ওই বরখাস্তের কথা স্বীকার করে বলেন, ‘আমাকে ভারপাপ্ত জিএম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি কিশোরগঞ্জ থেকে এখন নীলফামারী যাচ্ছি।’ তদন্তের ব্যাপারে তিনি বলেন, সেখানে পরিস্থিতি শান্ত হলে আমরা তদন্ত করে  দুর্ঘটনার কারণ উদঘাটন করবো।’ আরইবির পরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ে তিন সদস্যের অপর একটি টিম গঠন হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে পল্লী বিদ্যুতের সিষ্টেম অপারেশন রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ আলম নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলীকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গত রবিবার রাতে জাবেদ আলীর ছেলে সাজেদুর রহমান বাবু ( ২২) ও কফিল উদ্দীনের ছেলে তারিকুল ইসলামের (৩০) নিহত হন। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় রণচণ্ডি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে শোকাহত সকলে ওই দূর্ঘটনার জন্য দায়ী করলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে।

ওই ঘটনায় আহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, বিপ্লব হোসেন (৩০) স্ত্রী রাশিদা বেগম (২৭) নাইম (১৫) তাহেরা বেগম (৪৫), আরিফুল (২৩), শাহরিয়ার (২৭), মোসাফ আলী (৬০), মাজু (২২), বাবু (২৬) ও রত্না (২২)। আহতরা রণচণ্ডি ও গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামের বাসিন্দা বলে জানান এলাকাবাসী। তবে আহত নাইম রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ গ্রামের ভুট্টোর ছেলে। সে খামার গাড়াগ্রামে তার নানা তহুর উদ্দিনের (৬৫) বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *