বৈষম্যমূলক বিধান প্রান্তিক জনগণের উন্নয়ন ব্যাহত করে : গওহর রিজভী

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী শ্রম সংক্রান্ত আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, বৈষম্যমূলক বিধান দৃশ্যতঃ প্রান্তিক জনগণের উন্নয়নকে ব্যাহত করছে।
আজ রাজধানীর আগাওগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ‘এক্সক্লুশন এন্ড মার্জিনাল চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় রিজভী বলেন, এটা পরিষ্কার যে আমাদের বিদ্যমান আইনে সমস্যা রয়েছে। এ আইনে প্রান্তিক জনগণের অনেক সমস্যা চিহ্নিত করা হয়নি।
উদাহরণ হিসেবে তিনি নিম্ন আয়ের চা-বাগান শ্রমিকদের কথা উল্লেখ করেন। তিনি প্রান্তিক জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করতে নিরপেক্ষ গবেষণা সংস্থা ও এনজিওগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি একটি স্থায়ী ফোরাম গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন, যেখানে প্রান্তিক গোষ্ঠীগুলো তাদের প্রয়োজন ও অধিকারের বিষয়ে কথা বলতে পারবে।
সোসাইটি ফর এনভায়রমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (শেড), পাওয়ার এন্ড পার্টিশিপেশন রিচার্স সেন্টার (পিপিআরসি), ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
পাওয়ার এন্ড পার্টিশিপেশন রিচার্স সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বঞ্চিত ও প্রান্তিক গ্রুপগুলো শুধু পার্বত্য এলাকায় সীমাবদ্ধ নয়, অনেক পৌরসভায়ও তারা রয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে চা-শ্রমিক ও খাসিয়া, সাঁওতালরা রয়েছে মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে, বেদেরা রয়েছে নদী তীরবর্তী এলাকায়, সুইপাররা রয়েছে নগর এলাকায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, রিচার্স ইনিশিয়েটিভ বাংলাদেশের (আরআইবি) ভাইস চেয়ারপার্সন ড. হামিদা হোসেন এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। এতে সভাপতিত্ব করেন, শেডের চেয়ারম্যান অধ্যাপক শওকত আলী খান।
কর্মশালায় লেখক ড. হরিশঙ্কর জলদাস, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কাইরি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা ড. দীপঙ্কর রায়ও বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, শেডের পরিচালক ফিলিপ গায়েন। যৌনকর্মীদের প্রতিনিধি হাজেরা বেগম, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি সউদ খান, বিহারীদের প্রতিনিধি শওকত আলী কর্মশালায় তাদের সমস্যার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *