পরীক্ষার টেনশনে নার্ভাস তাসকিন

বিডি নিউজ ৬৪: পরীক্ষা মানেই তো পরীক্ষার্থীদের ভয়। টাইগার স্পিডস্টার তাসকিনের জন্যও এগিয়ে আসছে বড় এক পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে এই তরুণের ক্যারিয়ার। চেন্নাইয়ের পরীক্ষাগারে খুব অল্প সময়ে টানা সাত ওভার বল করেছিলেন তাসকিন। সেখানে মাত্র তিনটি বলে ত্রুটি ধরা পড়েছিল। তাও ছিল খুবই অস্পষ্ট।

এরপরও নিজের বোলিং অ্যাকশন ঠিক করা অপেক্ষাকৃত সহজ হলেও, গত বেশ কিছুদিন কঠিন পরিশ্রম করেছেন তিনি। অ্যাকশন রিভিউ কমিটিও দেখলো, তার অ্যাকশন অনেকটাই ঠিক হয়ে এসেছে। নিজের অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। এখন শুধু আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দেয়ার অপেক্ষা। তবে স্বাভাবিকভাবেই হঠাৎ পরীক্ষার তারিখ ঠিক হয়ে যাওয়ায় কিছুটা নার্ভাস বাংলাদেশ দলের এ পেসার।

যে কোন পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হলেও সামান্য হলেও নার্ভাসনেস কাজ করে। সেটাই তুলে ধরার চেষ্টা করেন তাসকিন।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “তারিখ শোনার পর থেকে একটু নার্ভাসনেস কাজ করছে। যেমন মেট্রিক পরীক্ষার আগে তো একটা পস্তুতি থাকে। যেদিন শুনবেন যে ১০ তারিখ থেকে পরীক্ষা। তখন একটা নার্ভাসনেস চলে আসবে। এটা স্বাভাবিক। তবে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যে তারিখ নিশ্চিত হয়ে গেছে। এখন খেতে-ঘুমাতে শুধু এই পরীক্ষার চিন্তা।”

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা তাসকিনের। এরপর ভারত সিরিজে ওয়ানডেতে অভিষেকেই পাঁচ উইকেট তুলে নজরে আসেন তিনি। এরপর ওয়ানডে বিশ্বকাপেও নজর কাড়েন এ নবীন। প্রায় দুবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর হঠাৎ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিষিদ্ধ হন তিনি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী এ পেসার।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্টে খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড। এ সিরিজকে সামনে রেখে সেপ্টেম্বরের ৬ তারিখে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া উড়ে যাবেন তাসকিন। এরপর ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশন পরীক্ষা দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *