ভিক্ষুককে ৫ ডলার দান অস্ট্রেলিয়ার ‘কৃপণ’ প্রধানমন্ত্রীর!

বিডি নিউজ ৬৪: ‘সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে।’ কবিতায় রাজার দম্ভ, অহংকারকে বস্ত্রহীন করে পথে নামিয়েছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজতন্ত্র নেই ঠিকই। উলঙ্গ হয়ে পথে নামার মত বড়সড় কাণ্ডও করেননি কোনো রাজা। তবে ভিক্ষুককে মাত্র পাঁচ ডলার ভিক্ষা দিয়ে কম সমালোচনার মুখে পড়তে হল না এ যুগের রাজাকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে নিয়ে। কয়েকদিন আগে রাস্তার এক ভিক্ষুককে ৫ অস্ট্রেলীয় ডলার (ভারতীয় মূল্য ২৫৬ টাকা) দান করেছেন তিনি। সোশাল মিডিয়ায় সমালোচনার জেরে ছোট্ট বিষয়টি নিয়ে রেডিওয় বিবৃতিও দিতে হয়েছে তাঁকে।

বিতর্কটা প্রধানত ভিক্ষুককে দেয়া টাকার অঙ্ক নিয়েই। দেশের বিত্তবান প্রধানমন্ত্রী মাত্র ৫ ডলার কীভাবে দিলেন ভিক্ষুককে? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ম্যালকম টার্নবুলকে ‘একজন কৃপণ মানুষ’ বলেও কটাক্ষ করছেন অনেকে।

কী ঘটেছিল?

কয়েকদিন আগে অর্থনীতি বিষয়ক বক্তৃতা দিতে বেরিয়েছিলেন টার্নবুল। পথে এক ভিক্ষুককে দেখে দাঁড়ান তিনি এবং তাঁর সঙ্গে হাত মেলান। এরপর ভিক্ষুকের সামনে থাকা পাত্রে ৫ অস্ট্রেলীয় ডলার দেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অনেকেই তাঁকে কৃপণ মানুষ বলে উল্লেখ করেছেন। বিভিন্ন পত্র পত্রিকাতেও সমালোচিত হয়েছেন টার্নবুল।
কেউ কেউ আবার একে দেশে দারিদ্র্য বাড়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন। মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডয়েল বলেছেন, এভাবে ভিক্ষুকদের হাতে টাকা দেয়া হলে তাঁদের মাদকজাতীয় দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়ে। এর ফলে দারিদ্র্য আরও বেড়ে যায়। এর বদলে মিস্টার টার্নবুল কোনো দাতব্য সংস্থাকে অর্থ দিতে পারতেন। কারো মতে, ক্যামেরার সামনে নিজের উদারতা দেখানোর জন্য এই কাজ করেছেন টার্নবুল।

কেউ কেউ আবার প্রশংসাও করেছেন টার্নবুলের কাজের। সোশ্যাল মিডিয়াতেই এক ব্যক্তি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নয়, একজন দানশীল ব্যক্তি হিসাবে আমি তাঁকে দেখছি।’ সামান্য একটা ঘটনায় এত বিতর্ক সহজভাবে নিতে পারেননি ম্যালকম টার্নবুলও। এক রেডিও স্টেশনে বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, ‘ভিক্ষুককে এভাবে বসে থাকতে দেখে কষ্ট হচ্ছিল আমার। মানবিকতার খাতিরেই এই কাজ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *