বিডি নিউজ ৬৪: ০১৭ এর পাশাপাশি নতুন করে ০১৩ নম্বরের সিরিজ পেয়েছে গ্রামীণফোন। ‘০১৭’ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে গত বছর নতুন সিরিজের আবেদন জানিয়েছিল গ্রামীণফোন।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, শর্ত সাপেক্ষ তাদের নম্বরের নতুন সিরিজ অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে একটি নতুন নম্বর সিরিজ গ্রামীণফোনকে দেওয়া হয়েছে।
বিটিআরসির হিসাবে, গত জুন মাস নাগাদ গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৬৯ লাখের মতো। এ সময় নাগাদ বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার।
জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে গ্রামীণফোনের ‘০১৭’, সিটিসেল ‘০১১’, টেলিটক ‘০১৫’, এয়ারটেল ‘০১৬’, রবি ‘০১৮’ ও বাংলালিংক ‘০১৯’ নম্বর সিরিজ ব্যবহার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল