বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে আম গাছ থেকে জিয়াউর রহমান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আফিস এলাকায় জনৈক আলাউদ্দিনের বাগান থেকে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে। লাশটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাদশা আলম জানান, বিকেল ৩টার দিকে লোকমুখে শুনতে পাই আফিস এলাকায় জনৈক আলাউদ্দিনের বাগানে একটি আম গাছে এক কিশোরের লাশ ঝুলছে। পড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কিশোরের গায়ের শার্ট দিয়েই গলায় ফাস দিয়ে গাছের সাথে লাশটি ঝুলে আছে। লাশটি গাছ থেকে নামানোর পর কিশোরের বড় ভাই আনোয়ার হোসেন লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে। এ সময় যুবকের গায়ে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, তার ভাই স্থানীয় মাসুদ মিয়ার রিকশার গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাতো। আমাদের পিতার নাম মতিউর রহমান। গ্রাম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সিংগারপাড় এলাকায়। আমারা একই সাথে অত্র থানাধীন শিকারীটোলা এলাকায় নাজির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাৎ আলী আনসারী বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর মূল রহস্য উন্মোচন হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল