বিডি নিউজ ৬৪: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হোসেন (২২) নামের এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন মেহেরপুর ডাক অফিসের কর্মকর্তা ও মোনাখালী গ্রামের আব্দুল ওয়াদুদের ছোট ছেলে। সে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে চলতি ডিগ্রি পরীক্ষায় (বিএ) পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নাজমুল হোসেন বাড়ি থেকে বের হয়ে মর্নিং ওয়াকে যায়। বাড়ি ফেরার পথে মোনাখালী ব্রিজের নিচ দিয়ে নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষন পরে তাকে আর দেখতে না পেয়ে স্থানীয় কয়েকজন নদীতে নামে তাকে উদ্ধারের জন্য। পরে তার খোঁজ না পেয়ে মাছ ধরা খেপলা জাল নদীতে ফেলে তাকে উদ্ধার করে । ততক্ষণে শে শেষ নি:শ্বাস ত্যাগ করে বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা আরো জানান, নিহত নাজমুল হোসেন সাঁতার জানত না। সাঁতার না জানার কারণে নদীর স্রোতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এদিকে নাজমুল হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ছেলের মধ্যে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ছেলের শোকে তার মা বারবার মুর্ছা যাচ্ছে। মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান নাজমুল হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল