নড়াইলের আধিপত্য বিস্তার-আহত আরেক জনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: লোহাগড়ার মল্লিকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ইকবাল মৃধা শনিবার (২০আগস্ট) রাত সাড়ে ১১টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এই কোন্দলে দুইজন খুন হলেন। এর আগে ১৬ আগস্ট দুপুরে পারমল্লিকপুর গ্রামের কৃষকলীগ নেতা নূর ইসলাম মৃধা (৫০) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার পরে ৬ জনকে আটক করা হয়েছে । এ ঘটনায় ১৯ আগস্ট লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া পারমল্লিকপুর গ্রামের দুলাল ঠাকুর গ্রুপ এবং হেমায়েত হোসেন হিমু গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৬ আগস্ট সকালে দুলাল ঠাকুরের লোকেরা অতর্কিতে নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালালে নূর ইসলাম নড়াইল সদর হাসপাতালে বেলা সাড়ে ১২টার দিকে মারা যান। সংঘর্ষে আরো ১২ জন আহত হন,এরমধ্যে গুরুতর আহত ইকবাল মৃধা কে  চিকিৎসার জন্য খুলনায় পাঠালে সেখানে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। ইকবাল মৃধা নিহত নুর ইসলামের ভাতিজা।

এ দিকে নুর ইসলাম হত্যার পর থেকেই প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করেছে অন্যপক্ষ। গ্রামের অন্ততঃ শতাধিক বাড়িতে লুটপাট ও ভাংচুরের খবর পাওয়া গেছে,পুরুষশুন্য গ্রাম থেকে নারীরাও পালাতে শুরু করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *