সন্ধ্যা নদীর তীরে বিপন্ন গ্রামবাসীর মানববন্ধন

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙন থেকে ঐতিহ্যবাহী ‘মৃৎ শিল্পের গ্রাম’ হিসেবে খ্যাত সোনাকুর মৃৎ পল্লী সুরক্ষার দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছে বিপন্ন গ্রামবাসী। কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসীর উদ্যোগে আজ শনিবার সকালে এ মানববন্ধন ও সমাবেশে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে ভাঙনকবলিত স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা. ইউপি সদস্য মো. নাসির উদ্দিন. মৃৎশিল্পী বকুল রানী পাল, বিনয় পাল, মৎস্যজীবী আব্দুল ওয়াদুদ প্রমুখ। সমাবেশে বক্তারা সন্ধ্যা নদীর তীব্র ভাঙন হতে ঐতিহ্যবাহী সোনাকুর গ্রাম রক্ষার দাবি জানান। বক্তারা সোনাকুরের নদীভাঙনে বিপন্ন ঐতিহ্যবাহী পাল পাড়া রক্ষা ও নদী ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীদের পুনর্বাসনের দাবি জানান।

আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা জানান, গত ৩০ বছরে সন্ধ্যা নদীর ভাঙনে সোনাকুর পালপাড়াসহ চারটি গ্রামের অন্তত ২০ হাজার পরিবারের বসতি, ফসলি জমি, হাট-বাজারসহ নানা স্থাপনা সন্ধ্যা নদীতে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনে ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস, আমরাজুড়ি বাজার, দত্তের হাট, খাদ্য গুদাম এবং গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে।

এ ছাড়া যুগ যুগ ধরে সন্ধ্যা নদীর ভাঙনে মৃৎপল্লী আজ বিলীন হতে বসেছে। নদের ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীরা এখন জীবন বাঁচাতে যে যেখানে পারছে মাথা গোঁজার ঠাঁই করে নিচ্ছে। তিনি আরো জানান, সরকারিভাবে আমড়াজুরি ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *