বিডি নিউজ ৬৪: বান্দরবান জেলার রুমা উপজেলা সদরের প্রধান বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে দুটি আবসিক হোটেল ও একটি ফার্মেসিও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে একটি দোকান ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বান্দরবান জেলা সদর থেকে ৫২ কিলোমিটার দূরে হওয়ায় বান্দরবান জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে বিলম্ব হলেও রুমা থানার পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা পৌনে ২টার দিকে বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা তিন ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রুমা উপজেলা চেয়ারম্যান অং থোয়াই চিং জানান, এ অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তিনি জানান, হিলটন আবাসিক হোটেল এবং অরণ্য রিসোর্টও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রুমা বাজারের ব্যবসায়ী পারেম লুসাই জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সহায় সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল