কেরানীগঞ্জে গলা কাটা লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ঢাকার কেরানীগঞ্জে মো. আমিনুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি বাবুরায় পাড়া থেকে মুজাহিদনগরগামী সড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা তানজিমুল ইসলাম রাব্বি বলেন, “আমার চাচা রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর মাদ্রাসার পেছনে আলামিন মঞ্জিলে একটি ফ্লাট ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি  বরিশাল জেলার মুলাদি থানার গোলাই ভাঙ্গা গ্রামে তাঁর স্ত্রী-সন্তানরা বসবাস করেন। তিনি রাজনৈতিক নেতা নাজমুল হুদার অফিসের হিসাবরক্ষক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি। পরে আজ শনিবার সকালে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আমার চাচার লাশ শনাক্ত করি।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম সোহাগ বলেন, “সকাল ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই পশ্চিমদি বাবুরায় পাড়া থেকে মুজাহিদনগরগামী সড়কের ওপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করি। পরে লাশের পকেটে একটি নকিয়া মোবাইল ফোন পাওয়া যায়। ওই মোবাইল ফোন থেকে বিভিন্ন নম্বরে ফোন দিয়ে নিহত ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়। খবর পেয়ে নিহতের ভাতিজাসহ স্বজনরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ শনাক্ত করেন।”

এসআই আরো বলেন, “নিহতের গলা কাটা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *