বিডি নিউজ ৬৪: ছবির শিডিউল না দেওয়া নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার পরিচালক রুবেল আনুশের সঙ্গে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল চিত্রনায়িকা সিমলার। শুটিং স্পটে এসে আনুশকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠে সিমলার বিরুদ্ধে। তিনি নাকি আনুশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ও দেখান। এই ঘটনার পর শিল্পী সমিতিতে অভিযোগ করেন আনুশ। অবশেষে নায়িকা-পরিচালকের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
এইসব ঝামেলার কারণে এতদিন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার শুটিং বন্ধ ছিল। সমঝোতার ফলে আবারও শুটিং শুরু হয়েছে। গত দুই দিন ধরে বিএফডিসিতে ছবিটির শুটিং চলছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা সংবাদমাধ্যমকে বলেন, “বেশ কিছু কারণে সিমলার সঙ্গে ঝামেলা চলছিল। কিন্তু সেটি আমরা সমঝোতা করে নিয়েছি। এখন আর কোনো ঝামেলা নেই। গানের শুটিং শেষ হলেই সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।”
সিমলাও একই সুরে বলেন, “কিছু কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। প্রযোজক সমিতির মধ্যস্থতায় সেটি মিটমাট হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, তাই ছবিটির শুটিংয়ে ফিরেছি।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল